রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে চার দিনের সফরে আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রায় সাত বছর পর এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পরদিন শুক্রবার সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টাসহ রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে পৌঁছে উখিয়া শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা, যুব ও নারী প্রতিনিধিদের সঙ্গে আলাদা তিনটি বৈঠক করবেন তিনি।
বিকেলে কুতুপালং শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন গুতেরেস।
ঢাকায় ফিরে শনিবার জাতিসংঘ অফিসে কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এরপর সুশীল সমাজ, নাগরিক প্রতিনিধি ও তরুণদের সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে হবে একটি যৌথ সংবাদ সম্মেলন এবং সন্ধ্যায় আয়োজিত ইফতার ও নৈশভোজে অংশ নেবেন তিনি।
রোববার সকালে ঢাকা ছাড়বেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান, রমজানে সংহতি জানাতেই মহাসচিবের এই সফর। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্র্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরাও।

