রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। দীর্ঘদিনের আর্থিক টানাপড়েন থেকে মুক্তি পেতে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমালেও- সেই স্বপ্ন পূরণের আগেই মিসাইল হামলায় জীবন শেষ হয়ে যায় তার।
গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবরটি জানান।
আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়া যান আকরাম। প্রথমদিকে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম থাকায় পরে দালালের মাধ্যমে চুক্তিভিত্তিক রুশ সেনাবাহিনীতে যোগ দেন।
যুদ্ধক্ষেত্রে শেষ অধ্যায়:
রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার সময় আকরাম নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যদিও তার পরিবার বারবার ফিরে আসার অনুরোধ করেছিল, আকরাম জানিয়েছিলেন, ‘ফিরে আসার সুযোগ নেই’।
১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে ১৮ এপ্রিল এক সহযোদ্ধার ফোনে জানা যায়, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। হামলায় তার ইউনিটের আরও কয়েকজন সেনাও প্রাণ হারিয়েছেন।
মায়ের কান্না আর অপেক্ষার অবসান:
ছেলের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন মা মোবিনা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “অনেকদিন ছেলের কণ্ঠ শুনিনি, এখন তো আর কখনও শুনতে পারব না।”
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার সূত্রে তথ্য পেয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ শনাক্ত হলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।
আকরামের এই করুণ পরিণতি বিদেশে যুদ্ধের ঝুঁকি নিয়ে ভাবিয়ে তুলেছে তার গ্রামবাসীকেও। তারা আশা করছেন, এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর কারো জীবনে যেন না আসে।

