এই ধর্মঘট কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে সরকারের পদক্ষেপের ওপর। বাজুসের নেতা-কর্মীরা জানিয়ে দিয়েছেন- নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষ এখন তাকিয়ে রয়েছে, কবে আবার খুলবে দেশের সোনার দোকানগুলো।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকার তাঁতীবাজার থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করার পর থেকেই জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার রাত ৭টা ৩০ মিনিটে রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপনুল হাসানকে গ্রেফতার করে। এ ঘটনার পরপরই বাজুসের নেতারা জরুরি বৈঠকে বসেন এবং দেশব্যাপী দোকান বন্ধের সিদ্ধান্ত নেন।
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, “সহ-সভাপতি রিপনুল হাসানকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত হয়রানির অংশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।”
তারা আরও বলেন, “যতদিন পর্যন্ত রিপনুল হাসান মুক্ত না হবেন, ততদিন সারাদেশে কোনো জুয়েলারি প্রতিষ্ঠান খোলা হবে না। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
গ্রেফতারের ঘটনার পরপরই ঢাকার তাঁতীবাজার এলাকায় জুয়েলারি ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। তারা দোকান বন্ধ করে সড়কে অবস্থান নেন এবং মানববন্ধন ও স্লোগান দেন। এ সময় তাদের দাবি ছিল- “আমাদের নেতা নিঃশর্ত মুক্তি চাই” এবং “হয়রানি বন্ধ করো”।
বিভিন্ন জেলা শহর থেকেও জুয়েলারি ব্যবসায়ীদের প্রতিবাদের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরসহ দেশের নানা প্রান্তে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে সংহতি প্রকাশ করছেন।
এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় বিয়ের মৌসুমে ক্রেতারা পড়েছেন মারাত্মক বিড়ম্বনায়। অনেকেই পূর্ব নির্ধারিতভাবে স্বর্ণালঙ্কার কেনার জন্য দোকানে গিয়েও ফিরে যাচ্ছেন। বিশেষ করে যেসব পরিবার সামনের কয়েকদিনে বিয়ের আয়োজন করছেন, তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
মোহাম্মদপুরের বাসিন্দা তানভীর হাসান বলেন, “আমার বোনের বিয়ে আগামী সপ্তাহে। আজ গহনা কিনতে এসেছিলাম কিন্তু সব দোকান বন্ধ। এখন কী করবো বুঝতে পারছি না।”
ধর্মঘটের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। দোকানপাট বন্ধ থাকায় আজ কোনো লেনদেন হয়নি। রাজধানীসহ বড় শহরের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা বলছেন, যদি এই অবস্থা দীর্ঘায়িত হয়- তাহলে সোনার আমদানি ও পাইকারি বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে।
অর্থনীতিবিদরা বলছেন,
একটি বড় শিল্প খাত হিসেবে জুয়েলারি খাতের স্থবিরতা স্বর্ণ রফতানি ও আমদানির ওপরও প্রভাব ফেলবে। সেই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও ক্ষতি হবে।
রিপনুল হাসানের গ্রেফতার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
তবে বাজুসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একটি বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীকে দমন করার প্রয়াস।

