ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে এবার পালিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও-ভিডিও প্রদর্শনী, ড্রোন শো ও স্মৃতিচারণ।
ঢাবির অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমান।
কোষাধ্যক্ষ জানান, বর্ষপূর্তি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ নিজে আহ্বায়ক হিসেবে তিনটি পৃথক উপকমিটির দায়িত্বে আছেন।
আজ (১৪ জুলাই ২০২৫) দিনভর চলবে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন। রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সংগীত ও নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যায় ড্রোন শো।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ” শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালা। এসব আয়োজন যৌথভাবে বাস্তবায়ন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আজ বিকাল ৪টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলে থাকবে বিশেষ নিয়ন্ত্রণ। এই সময় শুধু আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবার যান, অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও ফায়ার সার্ভিস ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বিকাল ৫টার পর বন্ধ থাকবে। সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হবে স্মৃতিচারণ অনুষ্ঠান। পরে ৫ আগস্ট, বৃহত্তর পরিসরে উদযাপন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

