রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত দিনভর অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সর্বত্র আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। তিনি বলেন, “আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারা দিনই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত রাজধানীতে টানা বৃষ্টি হতে পারে, তবে এরপর তা কিছুটা কমে যেতে পারে।”
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ছয়টার পর তা বেড়েছে।
বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, তা ‘ভারি বৃষ্টি’ হিসেবে গণ্য হয়।
তরিফুল নেওয়াজ আরো বলেন, শনিবার (৯ আগস্ট) থেকে কিছুটা কমে আসতে পারে বৃষ্টির প্রবণতা। তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

