সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতে সক্রিয় সিন্ডিকেট ভাঙার দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র ও সাধারণ জনগণ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
একই দাবিতে গত ১২ দিন ধরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোড এবং সদর রোড এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে আসছিলেন আন্দোলনকারীরা।
আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “সরকারি হাসপাতালের সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশালের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। বাধ্য হয়েই আজ আমরা সড়ক অবরোধ করেছি।”
আরেক আন্দোলনকারী ব্লগার কাফি বলেন, “স্বাস্থ্যখাতে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। ঘরে ফিরে যাব না।”
এই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, রোগী ও তাদের স্বজনেরা অংশ নিয়েছেন।
অবরোধে আটকে পড়া একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, “ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল এসে নথুল্লাবাদ এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। এ কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।”

