ঢাকা ইপিজেড প্রতিষ্ঠার আগে আশুলিয়া-সাভার অঞ্চলকে রাজধানীর প্রান্তসীমার একটি অনুন্নত এলাকা হিসেবেই সবাই চিনত। এখানে ছিল না উন্নত সড়ক, বাজার বা কোনো ধরনের বড় বাণিজ্যিক অবকাঠামো। শিল্প-কারখানার কোনো চিহ্নই ছিল না, বরং ছিল লাল মাটির অনুর্বর জমি আর বিরান পরিবেশ। সূর্যের আলোতেও যেখানে নীরবতা বিরাজ করত, সেখানে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ঢাকা ইপিজেড।

চট্টগ্রাম ইপিজেডের সাফল্যের ধারাবাহিকতায় গড়ে ওঠা দেশের দ্বিতীয় ইপিজেড এই অঞ্চলকে বদলে দেয় শিল্পায়নের প্রাণকেন্দ্রে। আজ এটি শুধু একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নয়, বরং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প-অর্থনৈতিক হাব, যা কর্মসংস্থান, নগর উন্নয়ন এবং আর্থসামাজিক রূপান্তরের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা ইপিজেড দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করে। সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত গড়ে ওঠে সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি ও যোগাযোগ অবকাঠামো। রাস্তার দুই পাশে ভরাট হতে থাকে খালি জমি— গড়ে ওঠে শ্রমিক আবাসন, মার্কেট, ব্যাংক, হোটেল, লজিস্টিক সাপোর্ট কেন্দ্র, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প এবং নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ঢাকা ইপিজেডে প্রতি মাসে প্রায় ২৫০ কোটি টাকা বেতন-ভাতা বাবদ শ্রমিকদের হাতে পৌঁছায়, যা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করে। ঢাকার কাছাকাছি অবস্থান, বিমানবন্দরের সংযোগ এবং লিড টাইম কমানোর সুযোগ থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
শুরুতে ঢাকা ইপিজেডের মূল জোন গড়ে ওঠে ১৪১ একর জায়গায়, কিন্তু দ্রুতই বিনিয়োগকারীদের চাহিদা বেড়ে যায়। মাত্র চার বছরের মধ্যে, ১৯৯৭ সালে, ২১৫ একর জমির ওপর সম্প্রসারিত জোনের কার্যক্রম শুরু হয়। নবীনগর-চন্দ্রা মহাসড়কের এক পাশে মূল জোন এবং অন্য পাশে সম্প্রসারিত জোন মিলিয়ে মোট আয়তন দাঁড়ায় ৩৫৬ একর।

বর্তমানে কোনো শিল্প প্লট খালি নেই, তাই অনেক বিনিয়োগকারী বিদ্যমান কারখানার উর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়াচ্ছেন। কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে পশ্চিম পাশে খালি থাকা প্রায় ২৫০ একর জমি ইপিজেডের আওতায় এনে নতুন বিনিয়োগকারীদের জায়গা বরাদ্দ দেওয়ার।
ঢাকা ইপিজেডের উন্নয়ন শুধু শিল্পায়নেই সীমাবদ্ধ নয়, বরং আশুলিয়া অঞ্চলের সামগ্রিক জীবনযাত্রাকেও বদলে দিয়েছে। স্থানীয়দের জমি ও বাড়িঘর ধীরে ধীরে বহুতল ভবনে রূপ নিয়েছে, গড়ে উঠেছে স্যাটেলাইট শহরের অবকাঠামো। কর্মসংস্থানের সুযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমিয়েছে।

অনেক শ্রমিকের জীবন এই ইপিজেড বদলে দিয়েছে। যেমন গাইবান্ধার পলাশবাড়ীর আঞ্জুমান বানু ২০০৯ সালে ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডে হেল্পার হিসেবে যোগ দেন। আজ তিনি নিডল রেকর্ডার পদে কর্মরত, বড় মেয়েকে বুয়েটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়িয়েছেন এবং ছোট মেয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। একইভাবে বরিশালের লিজা, ময়মনসিংহের আসমা আক্তারসহ অসংখ্য শ্রমিক নিজের জীবনমান উন্নত করেছেন এই ইপিজেডে কাজ করে।
শুরুতে সাধারণ পোশাক তৈরির মাধ্যমে কার্যক্রম শুরু করলেও বর্তমানে ঢাকা ইপিজেড হাই-এন্ড গার্মেন্টস উৎপাদনের একটি বড় কেন্দ্র। এখানে স্যুট, ব্লেজার, স্পোর্টসওয়্যার, থার্মাল জ্যাকেটসহ উন্নতমানের পোশাক উৎপাদন হয়। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপসহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখানে বিনিয়োগ করেছে। ‘টাইগার কো’ নামের প্রতিষ্ঠান ন্যাটো ভুক্ত দেশগুলোর সেনাবাহিনীর জন্য ইউনিফর্ম তৈরি করছে, যা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। এছাড়া উচ্চপ্রযুক্তির টেক্সটাইল পণ্য ও বিশ্বমানের ফেব্রিক উৎপাদনের মাধ্যমে রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজন ঘটছে।

এ অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে বেপজার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিনিয়োগকারীরা এখানকার নিরাপত্তা, অবকাঠামো এবং প্রশাসনিক সহায়তায় সন্তুষ্ট। অ্যাক্টর স্পোর্টিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেসি ইয়াউ বলেন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, দক্ষ শ্রমিক— সব কিছুই এখানে অনুকূল। বিদেশি বিনিয়োগকারীরা সহজেই কারখানা পরিচালনা করতে পারছেন, কারণ সব ধরনের সুযোগ-সুবিধা একই পরিসরে রয়েছে।
ঢাকা ইপিজেড পরিবেশবান্ধব শিল্প উন্নয়নেরও একটি উদাহরণ। এখানে রয়েছে আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এবং আন্তর্জাতিক মানের পরিবেশ ল্যাবরেটরি, যেখানে নিয়মিত পানি ও বর্জ্যের গুণগত মান পরীক্ষা হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলো ছাদে সোলার প্যানেল স্থাপন করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে, বর্তমানে প্রায় ৩.৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সৌরশক্তি থেকে। অগ্নি নিরাপত্তা, শব্দমাত্রা নিয়ন্ত্রণ, আলো এবং বায়ুর মান উন্নত রেখে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

এখানে শুধু পোশাকশিল্পই নয়, বৈচিত্র্যময় উৎপাদন কার্যক্রম চলছে। বিশ্বের এক নম্বর জিপার ব্র্যান্ড ওয়াইকেকে ২০০২ সাল থেকে এখানে উৎপাদন চালিয়ে যাচ্ছে। প্যাক্সার, মেইনেটির মতো খ্যাতনামা অ্যাকসেসরিজ প্রস্তুতকারীরাও রয়েছে। পাশাপাশি ইলেকট্রনিকস, জুতার সোল, লেন্স প্রভৃতি পণ্যও তৈরি হচ্ছে, যা রপ্তানি বহুমুখীকরণে অবদান রাখছে।
শ্রমিকবান্ধব উদ্যোগে ঢাকা ইপিজেডের অবস্থান অনন্য। প্রায় ৮৫ হাজার শ্রমিক এখানে কর্মরত, যাদের গড় মজুরি বাইরের তুলনায় ৩০ শতাংশ বেশি। ইপিজেড হাসপাতাল থেকে শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান। প্রতিটি কারখানায় সুশৃঙ্খল ক্যান্টিন রয়েছে।

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আইনগত সুবিধার পাশাপাশি পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। স্থানীয় জনগণ ও শ্রমিকদের সন্তানদের জন্য বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা সাভার-আশুলিয়া অঞ্চলের অন্যতম মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
তিন দশকেরও কম সময়ে ঢাকা ইপিজেড আশুলিয়া-সাভার অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। শিল্পায়ন, কর্মসংস্থান, নগরায়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে এটি এখন কেবল একটি অর্থনৈতিক অঞ্চল নয়, বরং বাংলাদেশের টেকসই উন্নয়নের এক অনুকরণীয় উদাহরণ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনি দেশের শিল্প ও রপ্তানি খাতকে আরো শক্তিশালী করার সম্ভাবনাও সৃষ্টি করছে।

