দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদানে নতুন যুগের সূচনা করল বাংলাদেশ ব্যাংক। দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক চালু করেছে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’। এর মাধ্যমে বছরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
আজ শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন এ ব্যবস্থায় ব্যাংকগুলো কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্রের তথ্য ও বার্তা তাৎক্ষণিকভাবে বিনিময় করতে পারবে। মূল রপ্তানি ঋণপত্র বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের তথ্যও এর মাধ্যমে আদান-প্রদান করা হবে।
নতুন ব্যবস্থার ফলে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে। বাংলাদেশ ব্যাংকের তদারকি হবে আরও কার্যকর। একই সঙ্গে স্থানীয় ঋণপত্রের তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরতা কমে আসবে।
আর্থিক তথ্য বিনিময়ের গুরুত্ব বিবেচনায় প্ল্যাটফর্মটিতে রাখা হয়েছে বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআইভিত্তিক যাচাই, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, সুরক্ষিত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) এবং ফায়ারওয়াল ব্যবহার করা হবে। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে থাকবে দুই স্তরের যাচাই পদ্ধতি। প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখারও ব্যবস্থা রয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক ও নিরাপদ তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক বা এক্সট্রানেটের মাধ্যমে তথ্য বিনিময় হবে। প্রতিটি যোগাযোগে অনুসরণ করা হবে তিন স্তরের অনুমোদনব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা কেবল তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে রপ্তানি বাণিজ্যে গতি আসবে। রপ্তানি পণ্যের কাঁচামাল ও সহায়ক উপকরণ সরবরাহকারী পশ্চাৎসংযোগ শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানিতে বকেয়া আয় কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
অভ্যন্তরীণ সরবরাহকারী থেকে চূড়ান্ত রপ্তানিকারক পর্যন্ত লেনদেনের ধারাবাহিকতায় নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব অনেক। দ্রুত ও সমন্বিত তথ্যব্যবস্থা ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। তবে প্রত্যাশিত সুফল পেতে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কার্যকর সমন্বয়, কর্মীদের দক্ষতা এবং নিরবচ্ছিন্ন সাইবার নিরাপত্তা তদারকি গুরুত্বপূর্ণ হবে।
শুরুর দিকে বার্তার পাশাপাশি প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। নতুন প্ল্যাটফর্ম পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হওয়ার পর স্থানীয় ঋণপত্রের তথ্য বিনিময়ে সুইফটনির্ভর ব্যবস্থা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

