দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত ও ভোরে ঠান্ডা বাতাসের সঙ্গে হালকা কুয়াশা যোগ হওয়ায় জনজীবনে শীতের আমেজ বাড়ছে। এর মধ্যে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন শুক্রবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়ে ১৪ ডিগ্রি এবং শুক্রবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। শনিবার আবার কমে ১৩ ডিগ্রিতে নেমেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। তবে বিকেলের পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

