রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয়রা তাকে ‘কিলার বাবু’ ও ‘টেরা বাবু’ নামে চিনতেন। ঘটনা ঘটেছে রোববার ভোরে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ভোর সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজের কাছে স্থানীয়রা তৌফিকুলকে আটক করে এবং মারধর করে। পরে খবর পেয়ে আজিমপুর সেনা ক্যাম্পের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তৌফিকুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ‘নিহত ব্যক্তি এলাকায় ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় মাদক সংক্রান্ত অভিযোগসহ ৮–১০টি মামলা রয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পুরো বিষয়টি তদন্ত করছে।

