রাজধানীসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ শনিবার (২ মে) দুপুরে তিনি রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যার বিষয়েও খোঁজ নেন।
এ সময় তিনি থানায় আগত সাধারণ মানুষকে সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এই নির্দেশকে থানাভিত্তিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

