আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার এই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সব ধাপ মাথায় রেখেছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে নানা কথা বলে। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে প্রচলিতভাবে নির্বাচনের আগে রাজনৈতিক কথাবার্তা চলে, এখনো একই ধারা অব্যাহত আছে। নির্বাচনের সময় কে কি বলবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।”
তিনি আরো যোগ করেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্বমানের ব্যক্তি। তিনি নিজে এই ঘোষণা করেছেন। তার ঘোষণার পর আমরা কোনোভাবে পিছপা হইনি এবং হইবেও না।”

