রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে ২০ ও ২১ আগস্ট দুই দিনের উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬-এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুসারে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।
এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করা হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ রক্ষা ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম নেওয়া হচ্ছে। এবারের অভিযানে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে।
অভিযানকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, যাতে পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা যায়।

