বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ং-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
সিউলের বাংলাদেশ দূতাবাসের বরাতে জানা গেছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের সুযোগ পান। এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় করেন। এর জবাবে রাষ্ট্রপতিও একই শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্ধু এবং উন্নয়ন অংশীদার। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ঘোষিত সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেরও প্রশংসা করেন।
রাষ্ট্রপতি লি জে-মিয়ং রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে গভীর ও কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠার উপায় অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান।

