চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোট বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মিছিলের মাধ্যমে ছাত্ররা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। বিক্ষোভে ছাত্রজোটের নেতা-কর্মীরা আজ সন্ধ্যা ছয়টার মধ্যে প্রক্টরিয়াল বডির পদত্যাগের সময়সীমা ঘোষণা করেন।
‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এই কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী অঙ্গনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ৭ দফা দাবি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগের স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকির বলেন, “আমরা আজ ৭ দফা দাবিতে প্রক্টর অফিসের সামনে আন্দোলন করেছি। প্রশাসন উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”
ছাত্রজোটের দাবিগুলোর মধ্যে রয়েছে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নিরপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ করা।
গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ধ্রুব বড়ুয়া বলেন, “প্রক্টরিয়াল বডি গত কয়েক মাসে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গুপ্ত হামলা থেকে প্রকাশ্য হামলার ঘটনায় কার্যকর ভূমিকা নেয়নি। আমরা চাই, প্রক্টরিয়াল বডি দায় স্বীকার করুক এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাও। আজ সন্ধ্যা ছয়টার মধ্যে তাদের পদত্যাগ জরুরি।”
নারী অঙ্গনের সংগঠক জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত কয়েক মাসে প্রশাসন বারবার আমাদের নিরাপত্তা চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে।”

