রাজধানী ঢাকায় আজ দুপুর নাগাদ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ থাকবে আংশিক মেঘলা, মাঝে মধ্যে দেখা মিলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে।
তাপমাত্রার দিক থেকে খুব একটা পরিবর্তন নেই। আজ সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুধু ঢাকাই নয়, আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও আবার হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। ফলে সেপ্টেম্বরের এ মৌসুমী বৃষ্টিতে স্বস্তি মিললেও নগরবাসীকে ভোগাতে পারে জলাবদ্ধতা।

