ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক (অনার্স) ২০২৩ সালের চার বর্ষের পরীক্ষায় সাফল্যের শীর্ষে উঠে এসেছে রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি এককভাবে সর্বাধিক ৪৩টি এ+ অর্জন করে দেশের অন্য সব মাদ্রাসাকে পেছনে ফেলেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত বিস্তারিত ফলাফলে দেখা যায়, ১ম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত চারটি বর্ষেই পাসের হার ছিল ৯২ শতাংশের ওপরে। এতে অংশ নেয় ১১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১০ হাজার ৭৫৭ জন পাস করেছে, ফেল করেছে ৪৩৮ জন এবং ১৫৯ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
বর্ষভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১ম বর্ষে পাসের হার ছিল ৯২ দশমিক ১৩ শতাংশ, ২য় বর্ষে ৯৫ দশমিক ৫৮ শতাংশ, ৩য় বর্ষে ৯৫ দশমিক ৮০ শতাংশ এবং ৪র্থ বর্ষে সর্বোচ্চ ৯৬ দশমিক ৫৯ শতাংশ। বিশেষ করে ২য় বর্ষে দারুন্নাজাত মাদ্রাসা এককভাবে ২১টি এ+ অর্জন করে সবার ওপরে রয়েছে।
অন্যদিকে, সেরা পাঁচ মাদ্রাসার মধ্যে দ্বিতীয় স্থানে আছে জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা (১৯টি এ+)। তৃতীয় স্থানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (৯টি এ+), চতুর্থ স্থানে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা (৭টি এ+) এবং পঞ্চম স্থানে নোয়াখালী করামাতিয়া কামিল মাদ্রাসা (৩টি এ+)। এ ছাড়া ভাগিয়া আল-আমিন, ঝালকাঠি এন.এস., ফারিদগঞ্জ মাজিদিয়া, কোয়াদারিয়া তাইয়েবিয়া, হায়বাতনগর এ.ইউ. ও রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসাও একাধিক এ+ পেয়ে নিজেদের সাফল্য ধরে রেখেছে।
ফলাফল প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, “এবারের ফলাফল আমাদের জন্য সন্তোষজনক। ধাপে ধাপে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে এই ধারা বজায় রেখে মান আরও উন্নত করা হবে।”

