হাজার কোটি টাকার মালিকরা দৌড়াচ্ছেন, সততার মূল্য বোঝেন না। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সৎ ও নিষ্ঠাবান হলে আজকের পরিস্থিতি এভাবে হতো না। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক মূল্যবোধ এবং সততার চর্চা শেখাতে হবে। শুধুমাত্র পড়াশোনা নয়, চরিত্র গঠনের দিকে দৃষ্টি দিতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) রাজদর্শন হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপদেষ্টা।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয় বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানচর্চা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সতর্ক করে বলেন, নিজেদের লোকদের মধ্যে মারামারি বন্ধ করতে হবে।
সমিতির সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে এসেছে। আমরা প্রতিজ্ঞা করছি, ব্রাহ্মণবাড়িয়াকে তার মেধা ও অবদানের জন্যই চিহ্নিত করা হবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়। এই বৃত্তি ও নতুন কমিটির অভিষেক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবে এবং নাগরিক গৌরবের বীজ রোপণ করবে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা একটি নতুন আন্দোলন শুরু করছি। ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েও ছড়িয়ে দেবে আমাদের পরিচিতি।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫, এইচএসসি স্তরে ১৮২ এবং এসএসসি স্তরে ১০৫টি বৃত্তি বিতরণ করা হয়।

