রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যেই আইন বিভাগের অধ্যাপক মুর্শেদুল ইসলাম পিটার অনন্য এক উদ্যোগ নেন। তিনি শ্রেণিকক্ষের বাইরে গাছতলায় বসে শিক্ষার্থীদের ক্লাস নেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে তাঁকে ক্লাস নিতে দেখা যায়। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের নাম ডেকে উপস্থিতিও নেন।
অধ্যাপক মুর্শেদুল বলেন, শেখ হাসিনা বৈষম্যের কারণে ক্ষমতা হারিয়েছেন, আর বর্তমান প্রশাসন এসেছে বৈষম্য দূর করার জন্য। তাহলে এখন কেন বৈষম্য করা হবে? পোষ্য কোটা একাধিকবার বাতিল করা হলেও আবার আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর ভাষায়, শিক্ষক-কর্মকর্তারা তাঁদের সন্তানদের ভর্তি সুবিধা চান কিন্তু প্রশাসন চাচ্ছে বিষয়টি আন্দোলনের মাধ্যমে সমাধান হোক।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার ছাত্ররা কখনো শিক্ষকদের ওপর হামলা করবে না। তাঁরা যে অভিযোগ তুলেছেন, তা প্রমাণ করতে হবে।’

