বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা যাতে কোনো প্রতিবন্ধকতায় না থেমে যায়, সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যায় না পড়ে, সে জন্য ডব্লিউটিওর কার্যকর পদক্ষেপ এখন জরুরি।” তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
জবাবে ড. ওকোনজো-ইওয়েলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার অপরিহার্য। আমি চাই আপনি এখানে সক্রিয় ভূমিকা নেবেন এবং নেতৃত্ব দেবেন।” তিনি আরও জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য এখনো ডব্লিউটিওর নিয়মে চলছে।
বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। বৈঠকে ডব্লিউটিও সংস্কার, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ, সংরক্ষণবাদ এবং বিশ্বায়ন থেকে পশ্চাদপসরণের ঝুঁকিও আলোচনায় উঠে আসে।
অধ্যাপক ইউনূসও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে আরও সক্রিয় হতে হবে। এখন সময় চ্যালেঞ্জ গ্রহণ করার, আর বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত।”
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।

