কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ১৬টি জলকপাট। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে প্রতিটি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়তে শুরু করে কর্তৃপক্ষ।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বিকেল ৩টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় ১০৮.৪৬ ফুট মিন সি লেভেলে, যা বিপৎসীমার ওপরে চলে যায়। তাই বিকেল ৪টা থেকে ধাপে ধাপে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
এর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকায় কর্ণফুলীতে মোট পানি প্রবাহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক। বর্তমানে এই পাঁচ ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, প্রবল স্রোতের কারণে নদীর দুই তীরবর্তী নীচু এলাকায় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

