গাজার জনগণের জন্য যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারকে প্রকাশ করে।”
বাংলাদেশের দাবি, আটককৃত সব মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বন্ধ করা, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখানো এবং গাজায় গণহত্যা যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করা অপরিহার্য।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বহরটি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতীক। “ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। কারণ সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।”
বাংলাদেশ সরকার ও জনগণ এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত মানবিক সংকটের মুহূর্তে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

