দুর্নীতি অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আদালত আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ দশমিক ৬৯ শতক জমি জব্দের নির্দেশ দিয়েছেন।
আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এসব সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধি বহির্ভূত ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। তারা দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
অধিকন্তু, অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। তাই তদন্ত চলাকালীন সময়ে সম্পদ হস্তান্তর হয়ে গেলে ভবিষ্যতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে যাবে। এই কারণে আদালত জরুরি ভিত্তিতে জমিগুলো ক্রোক বা জব্দের নির্দেশ দিয়েছেন।

