জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, সরকারি প্যাড, লোগো ও স্মারক নম্বর নকল করে ভুয়া একটি ডিও (ডেমি অফিসিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেওয়ার মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি নজরে আসার পর এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
আজ সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল করা ওই পত্রের সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সম্পর্ক নেই। এটি সংসদ কর্তৃক ইস্যু করা কোনো সরকারি নথি নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নাম, লোগো, দাপ্তরিক প্যাড বা সরকারি পরিচয় ব্যবহার করে ভুয়া নথি তৈরি করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে।
সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সংসদ সচিবালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে, জাতীয় সংসদের নামে কোনো ডিও পত্র বা দাপ্তরিক চিঠি পাওয়া গেলে তা গ্রহণের আগে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে। সর্বসাধারণ, গণমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাইকে জাতীয় সংসদের নাম ব্যবহার করে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

