আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে মোট ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটারদের জন্য ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর জন্য প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ মোট ৭,৮৫,২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন সচিব জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২,৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার ৪,৯৪,৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৫,২২৫ জনে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১,৭৯৩ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫,৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫,২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

