নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান ২৫ এবং সঞ্জু রাও ৪৫।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

