ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এখন দায়িত্বশীল ভূমিকা পালনের সময়।
শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, আর বিভাজন আমাদের দুর্বলতা।” তিনি সকলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
বিএনপি শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করেছে উল্লেখ করে তিনি দলের নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান। বক্তব্যের পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে একটি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।

