হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চান দ্রুততম সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালু করা হোক এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও যাচাই-বাছাই চলছে, কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়ে কাজ হচ্ছে।
থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হওয়ার পরও কেন চালু হয়নি—এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগের সময়ে কিছু কারিগরি ও নেটওয়ার্কসংক্রান্ত সমস্যা ছিল। কিছু সুপারিশ অনুযায়ী অবকাঠামোগত পরিবর্তনের বিষয়ও রয়েছে। বর্তমানে সরকার দ্রুত সমাধানের চেষ্টা করছে।

