দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশিরাও এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং সেবা গ্রহণ করতে পারবেন।
নির্বাচন কমিশন গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন, ২০১৩) আইন, ২০১০’-এর ৫ ধারা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তাদের এনআইডি দেওয়া হবে।
নির্দেশনা এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
জাতীয় পরিচয়পত্র কার্যক্রম ২০০৮ সালে শুরু হয়, তখন ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের লেমিনেটেড কার্ড দেওয়া হত। ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়। এতদিন ১৮ বছর পূর্ণ না হলে এনআইডি সেবা পাওয়া যেত না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বয়সসীমা কমিয়ে ১৬ করা হয়েছে।

