নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পাঁচ মামলার মধ্যে চারটিতে আগে থেকেই তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। এসব মামলা হয়েছে ফতুল্লা থানা এলাকায়। মামলাগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা।
অন্য মামলাটি হয়েছে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। এটি দায়ের করা হয় সদর মডেল থানায়। আইভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
ঘটনার সূত্রপাত গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে হাইকোর্ট একই পাঁচ মামলায় তাকে জামিন দিয়েছিলেন। তবে পরবর্তীতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। নতুন আদেশে আবারও পাঁচ মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র।

