বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদেও পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের রদবদল, যা সাম্প্রতিক সময়ে বাহিনীর শীর্ষ কাঠামোয় ধারাবাহিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনা সদরের নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনা সদর দপ্তরের নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।
বর্তমান এজি মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার সাবেক প্রধান মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান নিয়মিত অবসরে গেছেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। এর মধ্যে ছিল—
-
চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)
-
প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)
-
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক
একই দিনে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনেও নতুন জিওসি নিয়োগ দেওয়া হয়।

