বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা দ্রুত চালু হতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভিসা চালুর বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা খুব শিগগিরই চালু হবে। তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাতে বাংলাদেশের নাগরিকরা সহজে ভারত যেতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

