আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার পথেই এগোতে চায়। তিনি জানান, এই স্বচ্ছতাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রধান ভিত্তি।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় একদিকে আইনজীবীদের স্বার্থ রক্ষা করতে হয়। অন্যদিকে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও সমান জরুরি। পাশাপাশি বিচার বিভাগের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করাও আমাদের নৈতিক দায়িত্ব।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে নির্দেশ দিয়েছেন, বিচার বিভাগ যেন নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
আইনমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিচারকরাও স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে আমরা কাজ করি, সেই প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা না থাকলে তা একসময় ধ্বংসের মুখে পড়ে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান।

