নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকালে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
মো. সেলিম বলেন, চিকিৎসকরা নিয়মিতভাবে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানও মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নির্দিষ্টভাবে কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তার অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা পেলে নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব।
বর্তমানে তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

