ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর এই নির্দেশ আসে।
গতকাল বৃহস্পতিবার, বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ আদেশ দেন। এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন কপিল কৃষ্ণের পক্ষে আদালতে উপস্থিত অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম!
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। এই তিন উপজেলার মধ্যে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা জয় লাভ করেন। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম বিজয়ী হন। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম জয়ী হন।

