সারা দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ছুটি শুরু হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনজট এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বিশেষ নির্দেশনা হিসেবে বলা হয়েছে:
*ছুটির সময়ও নির্ধারিত পরীক্ষাসমূহ নির্ধারিত সময়ে যথাযথভাবে নেওয়া হবে।
* বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরণের কোচিং সেন্টারের কার্যক্রম এই সময় বন্ধ থাকবে।
*শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ছুটির পরিকল্পনা সামঞ্জস্য রাখতে বলা হয়েছে।

