অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কয়েকটি দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপ–এ নিযুক্ত রাষ্ট্রদূতদের পাশাপাশি যুক্তরাজ্য–এ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলাম–কে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম–কেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

