দেশের জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারতের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, ভারতের এসব প্রতিষ্ঠানের সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে আসা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

