ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী–এর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গতকাল রবিবার বার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সিআইডি জানায়, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাক ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন উৎস থেকে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নিজের ও স্ত্রীর পাশাপাশি ঘনিষ্ঠ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে উঠে এসেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কানাডার টরেন্টো শহরে নিজের ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে একটি বাড়ি কেনেন তিনি। স্থানীয় ভূমি নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বাড়িটির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকার সমপরিমাণ। এ সম্পদের বিষয়টি এর আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সিআইডি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার তথাকথিত ‘বেগমপাড়া’ এলাকায় তার পরিবারের নামে বাড়ি থাকার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি একটি অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে তাকে বিরত থাকতে বলা হয়। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও ঢাকা ওয়াসার এক অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

