দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে আজ সোমবার (৯ মার্চ) থেকে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সতর্কতা ও সাশ্রয় জরুরি হয়ে উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য শ্রেণিকক্ষ ও অফিসে জানালা-দরজা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে আলো ব্যবহারের ক্ষেত্রেও সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস চলাকালীন সময় প্রয়োজনের বাইরে লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহার করলে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।
এছাড়া অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং গাড়ির ব্যবহার কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

