পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ২৮ মার্চ থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে।
স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ স্বাভাবিকভাবে চলবে। বর্তমানে রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটির সময় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে বন্দরের কিছু প্রশাসনিক ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলতে পারে। এদিকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাঁধা থাকবে না। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন এবং ইমিগ্রেশন সেবা আগের মতোই চালু থাকবে।
কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকসহ সংশ্লিষ্টদের ছুটির বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষে ২৮ মার্চ থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকলেও দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যেন ব্যাহত না হয়, সে বিষয়টি ব্যবসায়ীরা আগেই বিবেচনায় নিচ্ছেন।

