এম এস রহমান, পাবনা প্রতিবেদক—
পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাসাবাড়িতে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে। অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনার দায়ে মালিককে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এর সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।
অভিযানে অবৈধভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা এবং বেশি দামে ডিজেল বিক্রির দায়ে মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ওই বাসাবাড়ি থেকে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

