নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব আবারও তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে একাধিকবার তাদের ও পরিবারের সদস্যদের হিসাব তলব ও জব্দ করা হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের মার্চে আমিনুল ইসলাম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে জমা ছিল প্রায় ৯৮ কোটি ৯৪ লাখ টাকা। একই সঙ্গে তার স্থাবর সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে বিপুল অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত আমিনুল ইসলাম। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, অন্তর্বর্তী সরকার দেশের প্রভাবশালী কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ তদন্ত কার্যক্রম শুরু করেছে। শেখ হাসিনা পরিবারের পাশাপাশি এস আলম, বেক্সিমকো, ওরিয়ন ও নাবিল গ্রুপসহ মোট ১০টি গ্রুপকে ঘিরে ১১টি তদন্ত দল গঠন করা হয়েছে। এসব তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

