প্রায় দুই মাসের বিরতির পর আবারও বৈদেশিক মুদ্রাবাজারে সক্রিয় হলো কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যার বিনিময় হার নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহেই ব্যাংকগুলোকে রেমিট্যান্স হাউস থেকে সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সা দরে ডলার কেনার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে নিলামের দর কিছুটা কম রেখে কেন্দ্রীয় ব্যাংক বাজারে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ দর ১২২ টাকা ৯০ পয়সা, সেখানে নিলামে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। এতে বোঝা যায়, ডলারের দাম আরও কিছুটা কমিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বাজারে ডলারের সম্ভাব্য দর ১২২ টাকা ৭৫ পয়সার আশপাশে স্থিতিশীল রাখার ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে।
বেসরকারি একটি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। ফলে দর বাড়ার চাপ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই দামে ডলার কিনেছে। তার মতে, মূল্যস্ফীতি এখন বড় উদ্বেগের বিষয়। ডলারের দাম কমলে আমদানি ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
আরেকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ শুরুর পর ডলারের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। কিছু ব্যাংক বেশি দামে ডলার কেনার তথ্যও পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সাম্প্রতিক পদক্ষেপের ফলে সামনে ডলারের দাম আবার কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি।

