ব্যাংক খাতের কর্মকর্তাদের জন্য বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দীর্ঘ অভিজ্ঞতা থাকা ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অন্য কোনো ব্যাংকে উচ্চ পদে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকার সিনিয়র অফিসার পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করলে তিনি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাস না করেও অন্য ব্যাংকে তুলনামূলক উচ্চ পদে যোগ দিতে পারবেন।
এর আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে যেতে হলে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। বাংলাদেশ ব্যাংক গত বছরের জানুয়ারিতে এ নিয়ম চালু করেছিল।
নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই শর্ত আংশিক শিথিল করা হলো। এতে দীর্ঘদিন ধরে কাজ করা অভিজ্ঞ কর্মকর্তারা আরও সহজে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রগতির পথ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নীতির ফলে অভিজ্ঞ ব্যাংকারদের মধ্যে কর্মস্থল পরিবর্তনের সুযোগ বাড়বে এবং ব্যাংকগুলোও দক্ষ জনবল নিয়োগে বেশি নমনীয়তা পাবে।

