দেশের বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) ভাইস চেয়ারম্যান পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন দুই শীর্ষ ব্যাংক উদ্যোক্তা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী সংগঠনটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএবির ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্ব অনুযায়ী, তাঁরা চলতি মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগে সংগঠনটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বৈঠকে দেশের ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি, খাতের স্থিতিশীলতা এবং সংগঠনের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের উন্নয়ন ও সমন্বিত উদ্যোগ বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশের ব্যাংকিং খাত বর্তমানে তারল্যচাপ, খেলাপি ঋণ, সুশাসন সংকট এবং পুনর্গঠনের মতো নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় বিএবির নেতৃত্বে নতুন মুখ আসাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তাঁদের মতে, ব্যাংক মালিকদের এই সংগঠনটি নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে নতুন নেতৃত্ব ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

