পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদের আগে গ্রাহকসেবা সচল রাখতে ছুটির আগের দুই দিন সব শাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ২৩ ও ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।
তবে তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ মে এসব এলাকার পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে চালু থাকবে। ওই দুই দিন ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বেতন-বোনাস পরিশোধ, আমদানি-রপ্তানি বিল নিষ্পত্তি এবং শিল্পকারখানার আর্থিক কার্যক্রম সচল রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন পরিশোধে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সেদিক বিবেচনায় সীমিত আকারে ব্যাংক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

