বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। রোববার তাকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।
১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাংকিং তদারকি বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা, প্রশিক্ষণ একাডেমি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগ।
কর্মজীবনে তিনি নীতি প্রণয়ন ও তদারকি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমেও যুক্ত ছিলেন।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এলায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ভাইস চেয়ার হিসেবে কাজ করেন।
শিক্ষাজীবনে আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা অর্জন করেন।
তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের বাসিন্দা। দীর্ঘ অভিজ্ঞতা ও বিভিন্ন পর্যায়ের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহী পর্যায়ে পদোন্নতি দেওয়া হলো বলে জানা গেছে।

