ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকের মানবসম্পদ নীতির আলোকে জারি করা সার্কুলারে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এবং জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, কর্মীরা কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্ক বা দলীয় কার্যক্রমে জড়াতে পারবেন না, যাতে তাদের পেশাগত নিরপেক্ষতা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত না হয়।
এছাড়া অফিস চলাকালীন সময়ে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা, মুভমেন্ট রেজিস্টারে সময় ও কারণ লিপিবদ্ধ করা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা অমান্য করা হলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

