সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নানা উপায়ে নিরুৎসাহিত করা এবং সেবা প্রদানে অনীহার অভিযোগের প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রির অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলোকে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এবং বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা না তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা ডিএমডি সার্কুলার লেটার নং-০৯/২০২৬-এর মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকগুলো ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রির দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সেবা প্রদানে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না।
সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রমে শাখা পর্যায়ে নিয়মিত তদারকি জোরদার করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শনের কথা বলা হয়েছে, যাতে সেবাগ্রহীতারা সহজেই অভিযোগ জানাতে পারেন।
কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
ডিএমডির পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়েছে, সঞ্চয়পত্র বিক্রি এবং সংশ্লিষ্ট সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনীহা, বিলম্ব বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য সহজ, স্বচ্ছ এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা ব্যাংকগুলোর দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয়।

